নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ না পাওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা থাকলেও কেন্দ্রটির কার্যক্রম নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
কেন্দ্রটির সাইনবোর্ডে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, খগাখড়িবাড়ী, ডিমলা’ এবং ‘গর্ভবতী ও প্রসূতি মায়ের পরিচর্যা’ লেখা রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, সাইনবোর্ডে সেবার কথা উল্লেখ থাকলেও বাস্তবে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসক ও চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে অন্তঃসত্ত্বা নারীরা প্রয়োজনের সময় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, জরুরি মুহূর্তে প্রসূতি মায়েদের নিয়ে এই কেন্দ্রে এসেও প্রয়োজনীয় সেবা পাওয়া যায় না। সেবার মান উন্নত করা এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা না হলে স্থানীয়রা কেন্দ্রটি বয়কটের কথাও ভাবছেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, গ্রামীণ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার এ ধরনের কেন্দ্র চালু করলেও যথাযথ তদারকির অভাবে এর কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় খগাখড়িবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসক, ওষুধ ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এই বাংলা/এমএস