মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সংসদ সদস্য হিসেবে মঙ্গলবার শপথ নিচ্ছেন ফয়সল আমীন ও এলিজা জামান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশকালঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এলিজা জামান মঙ্গলবার (৩ নভেম্বর) শপথ নেবেন।

সোমবার (২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বার্তায় বলা হয়, মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হন। বাসসের প্রকাশিত ফল অনুযায়ী, তিনি ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়েছেন।

এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এলিজা জামান। সোমবার নির্বাচন কমিশন তাঁকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। একক প্রার্থী থাকায় নির্ধারিত সময়ে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর