বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্ব ফুটবলের মহাতারকা। এবার বাবার পথ অনুসরণ করে ফুটবল ক্যারিয়ারে আরও এক ধাপ এগিয়ে গেলেন তাঁর বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন ১৬ বছর বয়সী এই তরুণ।
আগামী ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব সামনে রেখে সোমবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ ফিলিপে রামোস। ঘোষিত দলে জায়গা পেয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের একাডেমিতে খেলা রোনালদো জুনিয়র। সতীর্থদের কাছে তিনি ‘ক্রিশ্চিয়ানিনিয়ো’ নামেও পরিচিত।
পর্তুগালের বয়সভিত্তিক জাতীয় দলে অবশ্য এটি তাঁর প্রথম ডাক নয়। গত বছরের মে মাসে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর। এরপর খেলেছেন অনূর্ধ্ব-১৬ দলেও। দুই বয়সভিত্তিক দল মিলিয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচে পাঁচটি গোল করেছেন তিনি। এর মধ্যে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে চার ম্যাচে দুটি এবং অনূর্ধ্ব-১৬ দলের হয়ে নয় ম্যাচে তিনটি গোল রয়েছে।
ক্লাব ফুটবলেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন রোনালদো জুনিয়র। পর্তুগিজ সংবাদমাধ্যম জিরোজিরোর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে সাত ম্যাচে তিনটি গোল করেছেন তিনি।
আগামী ১১ নভেম্বর আন্দোরার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শুরু করবে পর্তুগাল। ১৪ নভেম্বর তাদের প্রতিপক্ষ বুলগেরিয়া। এরপর ১৭ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে দলটি। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে পর্তুগালের ওইরাসে দেশটির ফুটবল ফেডারেশনের অনুশীলনকেন্দ্রে। পরবর্তী পর্বে যেতে হলে গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকতে হবে পর্তুগালকে।
বাবার মতোই আক্রমণভাগে খেলেন রোনালদো জুনিয়র। তাই স্বাভাবিকভাবেই পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর তুলনা চলে আসে। তবে ছেলের ফুটবল ক্যারিয়ার নিয়ে বাড়তি প্রত্যাশা বা চাপ তৈরি করতে চান না পর্তুগিজ মহাতারকা।
এই বাংলা/এমএস