গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহিংসতার দায় জামায়াতে ইসলামীর আমির এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি তাঁদের সংহতি রয়েছে। তবে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, তার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না। তাঁর ভাষ্য, লং মার্চ থেকে জামায়াতের আমির সরকারের সবকিছু তছনছ করে দেওয়ার কথা বলেছিলেন। এরপর শ্রমিক আন্দোলন শুরু হলে সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহিংসতা চালিয়েছে।
তিনি অভিযোগ করেন, দেশের অর্থনীতি ধ্বংস করতে গার্মেন্টস শিল্পে আগুন দেওয়া হচ্ছে। কয়েকটি পোশাক কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে। বাস ও পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি সদস্যদের ওপর হামলা হচ্ছে। পুলিশের এক সদস্যকে লাঠি দিয়ে মারধরের একটি ভিডিওর কথাও উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, সাধারণ শ্রমিকেরা এ ধরনের সহিংসতায় জড়িত নন। তাঁদের দাবি সরকারের কাছে এবং তাঁরা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি চান। সরকার মজুরি বোর্ড গঠন করায় শ্রমিকদের একাংশ কাজে ফিরেছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন। তাঁর দাবি, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
রাশেদ খাঁন বলেন, গণ-অভ্যুত্থানের আরেকটি শক্তি, যারা বর্তমানে বিরোধী দলে রয়েছে, তারাও সহিংসতাকে উসকে দিচ্ছে। জামায়াতের আমিরের বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের সহিংসতা উসকে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস