ঝালকাঠির কাঁঠালিয়ায় যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আয়োজিত শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ষাটকুড়া মোড় মাদরাসা মাঠে অনুষ্ঠিত ফাইনালে ষাটকুড়া জুনিয়র একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব।
দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের উদ্যোগে আয়োজিত ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত হন এলাকার শত শত ক্রীড়াপ্রেমী দর্শক। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুই দলই জয়ের জন্য লড়াই করে। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী, ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী বলেন, “তরুণ সমাজকে সুস্থ ধারার বিনোদন ও খেলাধুলায় সক্রিয় রাখতে আমাদের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যুবসমাজকে রক্ষা করতে ক্রীড়ার কোনো বিকল্প নেই।”
এই বাংলা/এমএস