শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সাটুরিয়ায় চিশতী চান শাহ দরবারের তিন দিনব্যাপী বার্ষিক মেলা শুরু

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামে চিশতী বাবা আবুল চান শাহ-এর দরবারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বার্ষিক মেলা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মেলাকে ঘিরে দরবার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস।

মেলা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার।

দরবারের ঐতিহ্য রক্ষাকারী মোশাররফ হোসেন চান শাহ বলেন, স্থানীয় বাসিন্দা, দরবারের ভক্ত-আশেকান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের আন্তরিক সহযোগিতায় প্রতিবছরের মতো এবারও ঐতিহ্যবাহী এ মেলার আয়োজন করা সম্ভব হয়েছে।

তিনি জানান, তিন দিনব্যাপী মেলায় প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষের সমাগম হবে বলে আয়োজকেরা আশা করছেন। আগত অতিথি, ভক্ত ও দর্শনার্থীদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রায় ১০০ ডেগ তবারকের আয়োজন রাখা হচ্ছে, যাতে কেউ আপ্যায়ন থেকে বঞ্চিত না হন।

মেলাকে কেন্দ্র করে পুরো দরবার এলাকা বর্ণিল মরিচবাতি ও দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সাজানো হয়েছে। নির্মাণ করা হয়েছে সুসজ্জিত প্রবেশপথ ও প্যান্ডেল। মেলা প্রাঙ্গণে বসেছে নানা পণ্যের দোকান। মিষ্টি, জিলাপি, পেঁয়াজু, চপ, শিশুদের খেলনা, প্রসাধনসামগ্রী ও চায়ের দোকানসহ বিভিন্ন স্টলে কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেন বলেন, ছোটবেলা থেকেই তিনি এ মেলা দেখে আসছেন। প্রতিবছরই মেলাটি স্থানীয় মানুষের মধ্যে আনন্দের উপলক্ষ তৈরি করে। এবারও নানা ধরনের দোকানপাট বসেছে এবং পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

বালিয়াটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ঐতিহ্যবাহী এ মেলা ইউনিয়নের গৌরব। মেলায় সরকারের একজন মন্ত্রী আসার কথা থাকায় পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখা সবার দায়িত্ব। মেলা সফল করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

আয়োজক মোশাররফ হোসেন চান শাহ ব্যক্তিগতভাবে সবার কাছে আমন্ত্রণ পৌঁছে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি সব রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সর্বস্তরের মানুষকে মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মেলাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর