বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সাংবাদিকতায় এআই ব্যবহারে সিআরএফের সঙ্গে আইটি ক্যারিয়ার সল্যুশনের দুই বছরের চুক্তি

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ানো, গণমাধ্যমকর্মীদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল সাংবাদিকতার প্রসারে যৌথভাবে কাজ করবে আইটি ক্যারিয়ার সল্যুশন ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে দুই বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানে আইটি ক্যারিয়ার সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম এবং চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় সিআরএফের সদস্যসহ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

সমঝোতা অনুযায়ী, কম্পিউটার পরিচালনা, অফিস অ্যাপ্লিকেশন, ডিজিটাল ডকুমেন্ট ব্যবস্থাপনা, ওয়েবসাইট তৈরি ও রক্ষণাবেক্ষণ, ডিজিটাল মার্কেটিং, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা, গ্রাফিক ডিজাইন, ভিডিও সম্পাদনা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এবং অনলাইন প্রকাশনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার সুযোগ থাকবে।

সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার, তথ্য অনুসন্ধান ও গবেষণা, কনটেন্ট পরিকল্পনা এবং কাজের বিভিন্ন ধাপ স্বয়ংক্রিয় করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি সাইবার নিরাপত্তা, অনলাইন প্রতারণা প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট সুরক্ষা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হবে।

এ ক্ষেত্রে আইটি ক্যারিয়ার সল্যুশন প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষক, প্রশিক্ষণসূচি ও কারিগরি পরামর্শ দেবে। অন্যদিকে, সিআরএফ প্রশিক্ষণে সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ে সহযোগিতা করবে।

সমঝোতা স্মারকে প্রশিক্ষণ ফি, সেবার খরচ ও প্রকল্পভিত্তিক ব্যয় কাজ শুরুর আগে উভয় পক্ষের লিখিত সম্মতির মাধ্যমে নির্ধারণের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। চুক্তিটি দুই বছর কার্যকর থাকবে। উভয় পক্ষের লিখিত সম্মতিতে এর মেয়াদ নবায়ন করা যাবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিআরএফের সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, প্রচার সম্পাদক আবুল কাশেম সরোজ, দপ্তর সম্পাদক হাসান মুরাদসহ সংগঠনটির সদস্যরা।

অনুষ্ঠান শেষে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের যেসব সদস্য ‘এআই টুলস’ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রযুক্তিগত জ্ঞান এবং পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হতে পারে। তথ্য যাচাই, সংবাদ প্রস্তুত এবং ডিজিটাল কনটেন্ট তৈরি ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার বাড়লেও সাংবাদিকতায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর