বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ঘিওরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জের ঘিওরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াজেদ আলী মিস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম ও সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল খান এবং ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারে চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশি টহল জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি কৃষকদের মধ্যে সারের সুষম বণ্টন নিশ্চিত করা, মাদক ব্যবসা ও মাদকসেবন নিয়ন্ত্রণে আইনগত ব্যবস্থা গ্রহণ, নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

সভায় স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর