বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মনপুরায় কোস্ট গার্ডের অভিযান: ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ

মনপুরা (ভোলা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মা ইলিশ সংরক্ষণে অভিযানের শেষ সময়েও ভোলার মনপুরায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা মাছ স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের নায়েবের হাট এলাকায় জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর আগে দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মেঘনা নদীর জংলার খাল, রিজির খাল ও ভূঁইয়ার হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ডের বিসিসি বেইজ আউটপোস্ট মনপুরার সদস্যরা।

অভিযান চলাকালে ১০ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। কোস্ট গার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট জেলেরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

কোস্ট গার্ডের বিসিসি বেইজ আউটপোস্ট মনপুরা কর্তৃপক্ষ জানায়, মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের মৎস্যসম্পদ রক্ষা ও মা ইলিশের সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, মা ইলিশ রক্ষা অভিযানের শেষ সময়েও মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযান প্রশংসনীয়। ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর