নীলফামারীর ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সমবায় কর্মকর্তা জাহিদুল আলম, এলজিইডি কর্মকর্তা মফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তা শাহানুর আলম, টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মসূচিতে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
‘সচেতনতাই হোক ডেঙ্গু প্রতিরোধের হাতিয়ার, পরিচ্ছন্নতাই হোক সুস্থ জীবনের অঙ্গীকার’—এ স্লোগান সামনে রেখে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন ডিমলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।
কর্মসূচিতে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
এই বাংলা/এমএস