নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে দুই ব্যক্তিকে মোট সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার হলুদঘর এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ সংঘটনের দায়ে পৃথক দুটি মামলায় তাঁদের এ সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নলডাঙ্গার রেল কলোনি এলাকার মৃত রবি চন্দ্রের ছেলে শ্রী পলাশ চন্দ্র (৩০)। তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরজন হলুদঘর এলাকার মো. সাইদুল রহমানের ছেলে মো. রতন ইসলাম (২৬)। তাঁকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাসান মাহমুদ। এ সময় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা জরুরি।
এই বাংলা/এমএস