শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঈশ্বরদীতে মাতৃছায়া কিন্ডারগার্টেনের ফুটবল টুর্নামেন্ট শুরু

ইশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এমন বার্তা নিয়ে পাবনার ঈশ্বরদীতে মাতৃছায়া কিন্ডারগার্টেনের আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ঈশ্বরদী পৌর শহরের আলহাজ মোড়-ইস্তা সড়কে অবস্থিত প্রতিষ্ঠানটির উদ্যোগে ইস্তা স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঈশ্বরদীর সাবেক কৃতী ফুটবলার ও ক্রীড়া সংগঠক এহসানুল কবির শিমুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা আনছার আলী, সমাজসেবক ও বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, উপজেলা ধান-চাল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম দুলাল মণ্ডল, কৃষক নেতা আদম আলী এবং সাংবাদিক খায়রুল বাশার মিঠু।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাতৃছায়া কিন্ডারগার্টেনের পরিচালক শেখ মহসীন। তিনি জানান, এ টুর্নামেন্টে বিদ্যালয়ের ছয়টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ছেলেদের চারটি এবং মেয়েদের দুটি দল রয়েছে।

শেখ মহসীন বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়তা করে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি আয়োজন সফল করতে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

সাবেক কৃতী ফুটবলার এহসানুল কবির শিমুল বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। ছোটবেলায় শিক্ষকেরা তাঁদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করতেন বলে উল্লেখ করেন তিনি। মাতৃছায়া কিন্ডারগার্টেন এমন একটি টুর্নামেন্ট আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এই ক্রীড়া সংগঠক।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর