দলে কোনো স্বীকৃত স্ট্রাইকার নেই। রবার্ট লেভানডোভস্কি ও ফেরান তোরেসকে ছেড়ে দেওয়ার পর নাম্বার নাইনের ঘাটতি নিয়েই চলতি মৌসুম শুরু করেছিল বার্সেলোনা। এই সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন রাফিনিয়া। ফলস নাইন হিসেবে খেললেও পুরোদস্তুর স্ট্রাইকার হয়ে গোল করে চলেছেন। এক কথায় উড়ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এক বাক্যে দুর্দান্ত ফর্মে আছেন রাফিনিয়া। ২০২২ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর হান্সি ফ্লিকের অধীনে এবার একেবারে বদলে গেছেন তিনি। ২০২৮ সাল পর্যন্ত বর্তমান চুক্তির মেয়াদ থাকলেও তা আরও বাড়াতে চান ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।
রাফিনিয়া বলেছেন, ‘হ্যাঁ, আমি আমার চুক্তির মেয়াদ বাড়াতে চাই। যখন আমি প্রথমবার চুক্তি বাড়িয়েছিলাম, তখন এই ভেবে ২০২৮ সাল পর্যন্ত স্বাক্ষর করেছিলাম যে তখন আমার বয়স হবে ৩০ বা ৩১ বছর এবং আমি জানতাম না যে পরিস্থিতি কেমন দাঁড়াবে।’