রাঙামাটির বাঘাইছড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে হিল ভয়েজ মাদ্রাসাপাড়া ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ।
ফাইনাল ম্যাচ ঘিরে খেলা শুরুর আগেই মাঠে ক্রীড়াপ্রেমীদের ভিড় জমে। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ম্যাচ শুরু হয়। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলায় ম্যাচজুড়ে উত্তেজনা ছিল।
ম্যাচের বিভিন্ন সময়ে দুই দলই গোলের সুযোগ তৈরি করে। তবে সুযোগ কাজে লাগিয়ে দুই গোল করে হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ। অন্যদিকে একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি হিল ভয়েজ মাদ্রাসাপাড়া ফুটবল একাদশ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন।
বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সদস্য বিল্টু চাকমা এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মজুমদার।
এ ছাড়া রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দীন বাবু, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াঙ্গনের বিকাশে ভূমিকা রাখা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্যসচিব ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আশিকুর রহমান মানিক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসচিব মো. মহিউদ্দিন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস