যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ, কাশির সিরাপসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৮ বোতল বিদেশি মদ, ৮ বোতল ESCUF SYRUP, ১৫টি শাড়ি, ২ প্যাকেট ফুচকা ও ৫টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এই বাংলা/এমএস