বাগেরহাটের মোংলায় একটি মুদি দোকানের গোডাউন থেকে ৭৮ ব্যারেল বা ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তেলগুলো অবৈধভাবে মজুদ ও চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলে অভিযোগ করেছে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজারের মেসার্স শোভা স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে কোস্ট গার্ডের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী, স্থানীয় থানা পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা অংশ নেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, গোডাউনে মজুদ করা ৭৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেলের বৈধ কাগজপত্র যাচাই করা হচ্ছে। তেলগুলো চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে কি না এবং এর সঙ্গে কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযুক্ত ব্যবসায়ী সবুর তালুকদারের বিরুদ্ধে অবৈধভাবে তেল মজুদের অভিযোগ রয়েছে। একই সঙ্গে তেলে ভেজাল মেশানোর অভিযোগও রয়েছে বলে অভিযানসংশ্লিষ্টরা জানান। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭৮ ব্যারেল তেল জব্দ করা হয়েছে। জব্দ করা তেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা তেলের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযুক্ত সবুর তালুকদার ও তার সহযোগীদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
এই বাংলা/এমএস