ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় আগামী তিন মাস জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস এবং নির্মাণাধীন ভবনের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বাসাবাড়ি, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে পানি জমে না থাকে—সেদিকে নজর রাখার জন্য নাগরিকদের সতর্ক করা হয়েছে।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, স্কাউট ও সামাজিক সংগঠনের সদস্যদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তিন মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
এই বাংলা/এমএস