নাটোরে ডায়রিয়ার রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ৩৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৩ জন। একই সময়ে চিকিৎসা শেষে ৪০ জন বাড়ি ফিরেছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, এর আগে হাসপাতালে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হতেন। তবে বুধবার থেকে হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যায়। গত পাঁচ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নতুন করে ৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর গত এক মাসে ভর্তি হয়েছেন ৫৩১ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ডায়রিয়ার অধিকাংশ রোগীকে এক থেকে দুই ব্যাগ স্যালাইন দেওয়ার পরই সুস্থ হয়ে বাড়ি পাঠানো সম্ভব হয়েছে।
ডায়রিয়ার রোগী বাড়ার কারণ সম্পর্কে সিভিল সার্জন বলেন, চলমান ভ্যাপসা গরমে বাসি খাবার খাওয়ার কারণে অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি সরবরাহের পানি পান করেও অনেকে অসুস্থ হচ্ছেন। এসব বিষয়ে সতর্কতা অবলম্বন করলে ডায়রিয়ার প্রকোপ কমানো সম্ভব বলে তিনি জানান।
এ সময় তিনি সবাইকে বাসি খাবার পরিহার ও নিরাপদ পানি পানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
এই বাংলা/এমএস