বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়েছেন ৪৩৩ জন। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ সময়ে ডেঙ্গুতে ২৭৪ জন এবং হামে ১৫৯ জন আক্রান্ত হয়েছেন।
বর্তমানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ডেঙ্গু রোগী ও পাঁচজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে মশার উপদ্রব বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি শিশুদের মধ্যে হামের সংক্রমণও দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে শিশু ও কম বয়সীদের সংখ্যাও রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বজনেরা জানান, জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে অনেকে শুরুতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন না। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে আসছেন। রোগীর চাপ বাড়ায় হাসপাতালের শয্যার ওপরও চাপ তৈরি হচ্ছে বলে জানান তারা।
স্থানীয় বাসিন্দারা ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন কার্যক্রম জোরদার এবং স্বাস্থ্যসচেতনতামূলক প্রচারণা বাড়ানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের টিকাদান কার্যক্রম আরও কার্যকর করার আহ্বান জানান তারা।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, ডেঙ্গু ও হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় নজরদারি বাড়ানো হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের মাঠপর্যায়ে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই বাংলা/এমএস