মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মুজিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের পূর্ব আকাশী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মুজিবুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযান পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। তিনি জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস