মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সেনাকর্মকর্তা পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মোংলায় গ্রেপ্তার যুবক

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

র‍্যাব ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণের অভিযোগে পারভেজ ব্যাপারী (২২) নামে এক যুবককে বাগেরহাটের মোংলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে মোংলা পৌর শহরের বনফুল মিষ্টির দোকানের সামনে থেকে পিরোজপুরের কাউখালী থানা ও মোংলা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পারভেজ নিজেকে কখনো র‍্যাবের কর্মকর্তা, আবার কখনো সেনাবাহিনীর মেজর বা কর্নেল পরিচয় দিয়ে আসছিলেন। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিরও অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, খুলনার কয়রা এলাকার সাখাওয়াত ব্যাপারীর ছেলে পারভেজ দীর্ঘদিন ধরে নিজেকে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পরিচয় দিয়ে পিরোজপুরের এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই কিশোরীর সঙ্গে অবস্থান এবং তাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পারভেজ তার ভুয়া পরিচয়ের মাধ্যমে কিশোরীর বিশ্বাস অর্জন করেন। পরে তাকে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে তিনি খুলনা থেকে পালিয়ে মোংলায় আত্মগোপন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর মা নিলুফা বেগমের করা মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পারভেজের অবস্থান শনাক্ত করা হয়। পরে কাউখালী থানার উপপরিদর্শক মহিউদ্দিন ও সহকারী উপপরিদর্শক খায়রুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে পিরোজপুরে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।

পুলিশ জানায়, পারভেজ একই কৌশলে আরও কয়েকজন নারীকে প্রতারণার ফাঁদে ফেলেছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত বা কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর