রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সিংড়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের সিংড়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. আবু বক্কার সিদ্দিক (২১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শারমিন আক্তার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে সিংড়া উপজেলার বিজয়নগর গ্রামের একটি কওমি মাদ্রাসার কক্ষে স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ওই শিশুকে ধর্ষণ করেন আবু বক্কার সিদ্দিক। তিনি একই গ্রামের আবু হানিফের ছেলে।

ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

পরে আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় আবু বক্কার সিদ্দিককে দোষী সাব্যস্ত করেন আদালত। রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশনা অনুযায়ী, আদায় করা অর্থদণ্ডের অর্থ ভুক্তভোগী শিশুর ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে দণ্ডিত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর