জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষাব্যবস্থা ধ্বংস করাই যথেষ্ট। গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের মাধনগর ডিগ্রি কলেজে ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা ভিত্তির একতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ‘তারেক রহমানের সরকার আজ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। কিছুদিন আগে বাজেট হয়েছে। আমার মনে হয়, স্বাধীনতার পর যতগুলো মন্ত্রণালয় আছে, তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে তারেক রহমানের সরকার সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। কারণ গত ১৭টা বছর শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে।’
তিনি বলেন, ‘আপনারা জানেন, একটা জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন তার শিক্ষাকে ধ্বংস করা। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা চায় বাংলাদেশের মানুষ যেন এগিয়ে যেতে না পারে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে। এজন্য তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছে।’
বক্তব্যে তিনি আরও বলেন, নতুন প্রজন্মই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে। তাই তাদের শিক্ষিত ও যোগ্য করে গড়ে তোলা প্রয়োজন। পূর্ববর্তী সরকার শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেশকে ব্যর্থ করার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে জেলা বিএনপির কার্যালয়ে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনা এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই বাংলা/এমএস