মানিকগঞ্জের দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানার চকমিরপুর এলাকার আলী আকবরের বসতবাড়ির একটি টিনের ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চকমিরপুর গ্রামের মো. আলী আকবর (৩২), পিতা মৃত বছির উদ্দিন বেপারী এবং একই এলাকার মো. বাচ্চু মিয়া (৩৫), পিতা মৃত মাঈন উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে দৌলতপুর বাজার এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ খবর পায়, চকমিরপুর এলাকায় একটি টিনের ঘরে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে দৌলতপুর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানিয়ে পুলিশের একটি দল সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আলী আকবরের পরিহিত লুঙ্গির বাম পাশের কোচ থেকে ২০ পিস এবং বাচ্চু মিয়ার লুঙ্গির বাম পাশের কোচ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় এসআই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করেছেন। মামলার এফআইআর নম্বর ৪, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ১২৩।
মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন দৌলতপুর থানার সাব-ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই বাংলা/এমএস