ভারত থেকে অবৈধভাবে গরু পাচারের চেষ্টা রুখে দিয়েছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। নীলফামারীর ডিমলা উপজেলার থানারহাট সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। তবে টহলদলের উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় চোরাকারবারিরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে থানারহাট বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. শামিম রেজার নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে গরু নিয়ে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে থানারহাট বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সীমান্ত পিলার ৭৯৫/৪২-এস থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে কেচানী মোড় এলাকায় কৌশলগত অবস্থান নিয়ে চোরাকারবারিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।
একপর্যায়ে ভারতীয় সীমান্ত এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তিনটি গরু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কেচানী মোড়ের দিকে এগিয়ে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে টহলদলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা গরুগুলো ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা তিনটি গরু জব্দ করে বিজিবি। জব্দ করা গরুগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানারহাট বিওপিতে নেওয়া হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান তিনটি গরু জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সীমান্ত এলাকায় অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
বিজিবি জানিয়েছে, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছ।
এই বাংলা/এমএস