বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

গুরুদাসপুরে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন, শ্বশুর-শাশুড়ির ২ বছরের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে স্ত্রী মরিয়ম খাতুনকে (২০) গলা টিপে হত্যার দায়ে স্বামী মো. ফরহাদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ রায় ঘোষণা করেন আদালত।

একই মামলায় তথ্য ও আলামত গোপনের দায়ে নিহতের শ্বশুর মো. ফজলুর রহমান ও শাশুড়ি মোছা. ফাহিমা বেগমকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও চার মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, ২০১৪ সালে গুরুদাসপুর উপজেলার পিপলা গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে মো. ফরহাদ হোসেনের সঙ্গে বামনবাড়িয়া গ্রামের মো. আমিরুল মণ্ডলের মেয়ে মরিয়ম খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে মরিয়মের পরিবারের সদস্যরা তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে শোবার ঘরে মরিয়মের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর গলার দুই পাশে আঙুলের দাগ ছিল বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় মরিয়মের বাবা মো. আমিরুল মণ্ডল বাদী হয়ে গুরুদাসপুর থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর