কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করেছেন বিক্ষুব্ধ কৃষকেরা। বুধবার সকালে উপজেলার সোনাহাট ইউনিয়ন পরিষদসংলগ্ন সোনাহাট স্থলবন্দর সড়কে জড়ো হয়ে অবরোধের চেষ্টা করেন তাঁরা। এ সময় কিছুক্ষণ সড়কে যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, কয়েকদিন ধরে ঘুরেও তাঁরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। বুধবার সকালে ডিলার পয়েন্টে সার বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও দেরি হওয়ায় কৃষকদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়। একপর্যায়ে তাঁরা সড়কে অবস্থান নিয়ে শোরগোল শুরু করেন।
খবর পেয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ঘটনাস্থলে পৌঁছান। তিনি মাইকিং করে কৃষকদের পর্যাপ্ত সার সরবরাহের বিষয়ে আশ্বস্ত করেন এবং লাইনে দাঁড়িয়ে সার কেনার অনুরোধ জানান। পরে সার বিতরণ শুরু হলে কৃষকেরা লাইনে দাঁড়িয়ে সার সংগ্রহ করেন।
সার নিতে আসা কয়েকজন কৃষক বলেন, ‘সারের জন্য আসছি। কিন্তু যে পরিস্থিতি, তাতে মনে হচ্ছে সার পাওয়া যাইবো না। কয়েকদিন ধরে ঘুরেও সার পাইতাছি না।’
ইউএনও অমৃত দেব নাথ বলেন, ‘আজ সোনাহাট কলেজমোড় পয়েন্টে সার বিতরণের কথা ছিল না। কিন্তু কৃষকেরা ওই ডিলার পয়েন্টে এসে সারের জন্য অপেক্ষা করেন। তাঁরা লাইনে না দাঁড়িয়ে একসঙ্গে সার নেওয়ার চেষ্টা করেন এবং সড়ক ব্লক করার চেষ্টা করেন। এতে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিই। বর্তমানে সুষ্ঠুভাবে সার বিক্রি চলছে।’
উপজেলায় সারের কোনো সংকট নেই দাবি করে ইউএনও বলেন, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ রয়েছে। কৃষকদের উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই। তাঁরা প্রয়োজন অনুযায়ী সার পাবেন।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার একটি ইটভাটায় অভিযান চালিয়ে ১৬ বস্তা ইউরিয়াসহ মোট ২৩ বস্তা সার উদ্ধার করে উপজেলা প্রশাসন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার দুপুর ১টার দিকে সোনাহাট ইউনিয়ন পরিষদসংলগ্ন ডিলার পয়েন্ট ও ক্যাম্প মোড় ডিলার পয়েন্টে কৃষকেরা সুষ্ঠুভাবে সার কিনছিলেন।
এই বাংলা/এমএস