বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে পুলিশের বিশেষ অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ও অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে জেলা পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরাও অংশ নেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জঙ্গল সলিমপুরের আলীনগর ও ছিন্নমূল এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে পরিচালিত অভিযানে সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য আস্তানা, সন্দেহজনক স্থান এবং অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি চালানো হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী ও অপরাধীদের তৎপরতা নিয়ন্ত্রণ, অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখাই অভিযানের মূল লক্ষ্য।

অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়। কোনো সন্ত্রাসী বা অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার পাশাপাশি অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, চট্টগ্রামের বর্তমান পুলিশ সুপার মো. মাসুদ আলম দায়িত্ব নেওয়ার পর জঙ্গল সলিমপুর এলাকায় একাধিক অভিযান পরিচালিত হয়েছে। পুলিশ বলছে, এসব অভিযানের ফলে এলাকায় সক্রিয় অপরাধী চক্রের নেটওয়ার্ক দুর্বল হয়েছে।

একসময় জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের প্রবেশও ছিল কঠিন। বিভিন্ন সময়ে সন্ত্রাসীদের হামলার ঘটনাও ঘটেছে। অতীতে জঙ্গল সলিমপুরের ভেতরে র‍্যাব সদস্য নিহত হওয়ার পাশাপাশি তৎকালীন চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমানের ওপর হামলার ঘটনাও আলোচনায় আসে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গল সলিমপুরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর