বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

বজ্রপাতে কৃষকের মৃত্যু, কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক মানবিক সহায়তা

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে দাফন-কাফন ও জরুরি প্রয়োজনের জন্য মানবিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মো. হারুন খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন দেলোয়ার হোসেন। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন নিহতের পরিবারের জন্য দাফন-কাফন ও জরুরি প্রয়োজন মেটাতে মানবিক সহায়তা দেওয়ার নির্দেশ দেন।

ইউএনওর নির্দেশে নিহতের ছোট ভাই ও গ্রাম পুলিশ মো. রুবেল খানের হাতে ১০ হাজার টাকার মানবিক সহায়তার চেক তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. যোবায়ের হোসেন।

স্বজনের আকস্মিক মৃত্যুতে পরিবারটি শোকের পাশাপাশি চরম বিপাকে পড়ে। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা পাওয়ায় পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর