বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

ডিমলায় পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ছুরিকাঘাত, রংপুরে চিকিৎসাধীন যুবক

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীর ডিমলা উপজেলায় পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে হালিম টুরু (৩৫) নামে এক যুবককে ধারালো ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছ চাপানি মধ্যপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল হকের ছেলে হালিম টুরুর সঙ্গে পার্শ্ববর্তী এলাকার আসাদুল হকের স্ত্রী আমেনা বেগমের পরকীয়া সম্পর্ক রয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে গত বছর স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরও বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছিল বলে স্থানীয়রা জানান।

অভিযোগ রয়েছে, বুধবার রাতে হালিম টুরু আমেনা বেগমের বাড়িতে গেলে সেখানে তাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। এ সময় আমেনা বেগম ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে হালিম টুরুকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে রেফার্ড করেন। বর্তমানে তিনি রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আমেনা বেগমের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর কোনো মামলা বা আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর