আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধান উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়। দেশের খাদ্য নিরাপত্তা জোরদার ও কৃষকের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এলএসটিডি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রযুক্তি গ্রাম ও কৃষক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের ঘাটিয়ারপাড়া গ্রামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়।
এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার উপসচিব মো. মনিরুজ্জামান। এ সময় কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার গবেষণা অনুসন্ধানী মোহাম্মদ শফিকুল আলম, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন এবং ব্রি স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে কৃষকদের গবেষণালব্ধ আধুনিক ধান চাষের বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়। এর মধ্যে উন্নত জাত নির্বাচন, মানসম্মত চারা উৎপাদন, সঠিক সময়ে রোপণ, সুষম সার ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
পরিদর্শনকালে প্রতিনিধি দল ব্রি স্যাটেলাইট স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এতে পঞ্চগড় অঞ্চলের কৃষির সম্ভাবনা, ধান উৎপাদনের বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান, স্থানীয় কৃষি-জলবায়ু ও মাটির বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ধানের জাত নির্বাচন এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলের সদস্যরা প্রযুক্তি গ্রামের চলমান গবেষণা ও প্রদর্শনী কার্যক্রম, আধুনিক ধান উৎপাদন প্রযুক্তির ব্যবহার এবং কৃষকের মাঠে গবেষণালব্ধ প্রযুক্তির প্রয়োগ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় প্রযুক্তি গ্রামের বিভিন্ন কার্যক্রম, কৃষকদের অংশগ্রহণ এবং মাঠপর্যায়ে প্রযুক্তি প্রয়োগের বাস্তব চিত্র সম্পর্কে তাঁরা অবহিত হন।
পরে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে আয়োজিত কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রতিনিধি দলের সদস্যরা অংশ নেন। সেখানে তাঁরা কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধান চাষে তাঁদের অভিজ্ঞতা, সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা শোনেন।
এ সময় কৃষকরা উৎপাদন ব্যয়, সেচ ও পানি ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।
অনুষ্ঠানে ব্রি স্যাটেলাইট স্টেশনের কর্মকর্তা-কর্মচারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং প্রযুক্তি গ্রামের কৃষকেরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস