শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

খাগড়াছড়িতে নানা আয়োজনে জন্মাষ্টমী পালন

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে ধর্মীয় পতাকা ও বেলুন উড়িয়ে জন্মাষ্টমীর র‍্যালি ও আলোচনা সভার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। পরে র‍্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়ে শেষ হয়।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত তালুকদারের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি ধনা চন্দ্র সেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার, নবনিযুক্ত সদস্য ক্ষেত্র মোহন ত্রিপুরা, কুহেলী দেওয়ান, তাছলিমা সিরাজ সীমা, খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরের সভাপতি অশোক মজুমদারসহ জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতারা।

সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, অধর্ম ও অন্যায়ের বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বাপরযুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। অত্যাচারী কংসের হাত থেকে শান্তিপ্রিয় ও ধর্মপ্রাণ মানুষকে রক্ষা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর শিক্ষা ও আদর্শ মানুষের কল্যাণের পথ দেখায়।

জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন উপজেলার মন্দির থেকে ব্যানার ও ধর্মীয় পতাকা নিয়ে আনন্দ র‍্যালিতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা।

র‍্যালি শেষে মন্দির প্রাঙ্গণে খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ ও বাগীশিক গীতা শিক্ষা কমিটির জেলা শাখার সদস্যরা আগত ভক্তদের পানি ও শরবত পরিবেশন করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর