সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান ও কার্বারীদের সঙ্গে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাম্প্রতিক ঘটনার সূত্রপাত, আন্দোলনকারীদের দাবিদাওয়া এবং উদ্ভূত পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাজেকের পর্যটন কার্যক্রম, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পরিবহনব্যবস্থা স্বাভাবিক রাখার বিষয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

তবে সভায় আন্দোলনকারীদের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তাঁদের দাবিদাওয়া নিয়ে সরাসরি আলোচনা করা সম্ভব হয়নি। এ কারণে সংকটের স্থায়ী সমাধানের বিষয়ে সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।

এদিকে, চলমান পরিস্থিতি নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য উচ্চপর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার দুপুর ২টায় রাঙামাটির ২৯৮ ও ২৯৯ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে সাজেকে আলোচনার উদ্যোগ নেওয়া হয়।

ওই আলোচনায় চলমান পরিস্থিতি, আন্দোলনকারীদের দাবিদাওয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের মাধ্যমে সমাধানের পথ খোঁজার কথা রয়েছে।

সাজেকে চলমান পরিস্থিতির কারণে পর্যটন কার্যক্রম, স্থানীয় মানুষের জীবনযাত্রা এবং ব্যবসা-বাণিজ্যে যে প্রভাব পড়ছে, সে বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। তবে উচ্চপর্যায়ের আলোচনার ফলাফল ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর