চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া আনসারুল উলুম ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেছেন সংসদ সদস্য জহিরুল। সোমবার (২৬ অক্টোবর) পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে সংসদ সদস্য মাদ্রাসার সার্বিক পরিবেশ, শিক্ষার মান, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের কেন্দ্র নয়; বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সুনাগরিক গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও যুগোপযোগী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, শৃঙ্খলাবোধ ও মানবিক গুণাবলির বিকাশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা যেন নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে, সে জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি।
মাদ্রাসার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, সমাজসেবক ও ইউপি সদস্য মুনিরুল মন্নান, ইউপি সদস্য ফারুক, জামায়াত নেতা জাহেদুল ইসলাম, রাহবার আলম চৌধুরী এবং মাদ্রাসার অধ্যক্ষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এই বাংলা/এমএস