সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ডিমলায় সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ, গ্রাম পুলিশের বিরুদ্ধে যোগসাজশের দাবি

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • প্রকাশকালঃ সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

 

নীলফামারীর ডিমলা উপজেলার ৪ নম্বর খগাখড়িবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে হোছেন আলী (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় দুই গ্রাম পুলিশ সদস্যের সহযোগিতার অভিযোগও তুলেছেন এলাকাবাসী। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ওয়ার্ডের রাস্তার পাশে থাকা বড় বড় গাছ দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখছিল। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই হোছেন আলী এসব গাছ কাটেন এবং বিক্রির উদ্দেশ্যে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেন।

অভিযোগ অনুযায়ী, হোছেন আলী, পিতা মৃত জয়নদ্দিন, স্থানীয় গ্রাম পুলিশ মো. সাইফুল ইসলাম ও মো. মনির হোসেনের সঙ্গে ২ হাজার টাকার চুক্তি করেন। এ সময় নগদ ৫০০ টাকা দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁদের সহযোগিতায় সরকারি রাস্তার পাশের গাছ কাটা হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

সংগৃহীত ছবিতে রাস্তার ওপর কেটে ফেলা গাছের বড় বড় গুঁড়ি পড়ে থাকতে দেখা যায়। ছবির ভিত্তিতে গাছ কাটার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের আশঙ্কা, এভাবে অনুমতি ছাড়া গাছ কাটা হলে পরিবেশ ও গ্রামীণ সড়কের স্বাভাবিক অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ ঘটনায় স্থানীয় সচেতন নাগরিক ও এলাকাবাসী হোছেন আলী এবং অভিযুক্ত দুই গ্রাম পুলিশ সদস্যের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর আরও অভিযোগ, প্রশাসনের যথাযথ তদারকির অভাবে খগাখড়িবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে। তাঁরা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর