কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় চাহিদা অনুযায়ী সার না পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষকেরা একটি সার ডিলারের গুদামের টিনের বেড়া ভাঙচুর করেছেন বলে জানা গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে কচাকাটার একটি সার ডিলার পয়েন্টের সামনে সারের জন্য ভিড় করেন স্থানীয় কৃষকেরা। সকাল ৭টা থেকে প্রায় ১০টা পর্যন্ত অপেক্ষা করেও সার না পাওয়ায় একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় কৃষক মো. রবিউল ইসলাম ও মো. জাহিদুল ইসলামসহ কয়েকজন অভিযোগ করেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তারা প্রয়োজনীয় সার পাচ্ছিলেন না। এতে কৃষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন গুদামের টিনের বেড়া ভাঙচুর করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি শান্ত হয়।
কৃষক ও স্থানীয়দের অভিযোগ, ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় সার না পাওয়ায় তারা ভোগান্তিতে পড়েছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে সার না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কৃষকদের অধৈর্যতা, লাইনে শৃঙ্খলা না মানাসহ বিভিন্ন কারণে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। উপজেলায় সারের কোনো সংকট নেই; পর্যাপ্ত পরিমাণে সার রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এই বাংলা/এমএস