বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ডিবির অভিযান, জোরদার নজরদারি

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।

বুধবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহবুবুল হকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি, টহল ও নজরদারি কার্যক্রম চালায়।

অভিযানকালে নগরীর ১৮ বাড়ি বিল্ডিং এলাকায় অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের বাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে তল্লাশি চালানো হয়।

পুলিশ জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা ও অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ নগরীতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের সময় ডিবি পুলিশের সদস্যরা নগরীর বিভিন্ন সড়ক, মোড়, বাসাবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে অবস্থান নিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু চোখে পড়লে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহবুবুল হক বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। যেকোনো ধরনের অপরাধ ও নাশকতা প্রতিরোধে ডিবির অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণ মানুষ যাতে নিরাপদে চলাফেরা করতে পারেন, সে জন্য পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে।

নগরীতে পুলিশের এ তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর