মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে নীলফামারীতে প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের যাদুরহাট মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এ খেলা অনুষ্ঠিত হয়।
‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মেমোরিয়াল প্রমিলা ফুটবল ম্যাচে অংশ নেয় বাড়াইপাড়া ফুটবল একাডেমি ও গোল্ড কিং যুব স্পোর্টিং ক্লাব।
সাবেক ১৪ নম্বর চাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন মাস্টারের উদ্যোগে আয়োজিত এ খেলায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. গোলাম মাজেদ।
সভাপতির বক্তব্যে ইলিয়াস হোসেন মাস্টার বলেন, মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ প্রমিলা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নারী ফুটবলারদের উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনে তাঁদের এগিয়ে নেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার মাধ্যমে এলাকায় খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে চান।
যাদুরহাট ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচে সার্বিক সহযোগিতা করে ১৪ নম্বর চাপড়া সরমজানি ইউনিয়ন বিএনপি।
এই বাংলা/এমএস