বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সরকারের ব্যর্থতার অভিযোগে পটুয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে পটুয়াখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের ঝাউতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সভাপতি অ্যাডভোকেট মো. নাজমুল আহসানের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আবু সাঈদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়ছারি, জেলা নায়েবে আমির মো. মোশারেফ হোসেন এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক নেতা ও জামায়াতের ঘোষিত মেয়র প্রার্থী আব্দুল্লাহ আন নাহিদ।

সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ তুলে সমালোচনা করেন। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগও করেন তাঁরা। এ সময় জামায়াতের আমির ডা. মো. শফিকুল ইসলামের জাতীয় ঐক্যের প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে ঝাউতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়ছারি।

সমাবেশ ও মিছিলে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নেতা-কর্মী অংশ নেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর