ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেফায়েত উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল্লাহি গালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মোল্লা।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মোজাফফর হোসেন জাফর, সাংবাদিক আব্দুস সালাম মোল্লা এবং খামারি জয়ন্তী বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতকে আরও সমৃদ্ধ করতে গবাদিপশু পালন ও খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং প্রাণিসম্পদ সেবার পরিধি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তাঁরা।
তাঁরা আরও বলেন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন জরুরি। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন, প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ ধরনের কর্মসূচি স্থানীয় খামারিদের মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি করবে এবং চরভদ্রাসনের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই বাংলা/এমএস