মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩৪ লিটার অ্যালকোহলযুক্ত চোলাইমদ এবং মদ তৈরির ৮০ লিটার উপকরণ (ওয়াশ) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় পিন্টু মৃধা (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযানে রঞ্জিত বাড়াইক (৪৬) নামে এক ব্যক্তি পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগানের কালিঘাট পোস্ট অফিসের সামনে এবং দুপুরে কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া চা বাগানের ছনখলা টিলায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলের কালিঘাট এলাকায় অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের জারে রাখা ২০ লিটার অ্যালকোহলযুক্ত চোলাইমদসহ পিন্টু মৃধাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলছড়া চা বাগানের মাঝ লাইনের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সুবল মৃধা।
অন্যদিকে, কমলগঞ্জের দেওড়াছড়া চা বাগানের ছনখলা টিলায় রঞ্জিত বাড়াইকের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় দুটি প্লাস্টিকের জার ও দুটি বোতল থেকে ১৪ লিটার অ্যালকোহলযুক্ত চোলাইমদ এবং চারটি প্লাস্টিকের বালতিতে রাখা ৮০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়। তবে রঞ্জিত বাড়াইক ঘটনাস্থলে না থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি ওই এলাকার বাসিন্দা এবং মৃত শুকুরা বাড়াইকের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন ও উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই বাংলা/এমএস