বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে সংঘটিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে এক পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। তাঁর নাম মো. সেলিম মিয়া। তিনি নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাঁকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়।

সূত্রের দাবি, এ সময় ওই কর্মকর্তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা পুলিশের ভেতরে ও বাইরে আলোচনা তৈরি হয়েছে।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ওই কর্মকর্তাকে ক্লোজ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় তাঁকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনে গোপালগঞ্জের ঘটনায় ওই কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। এ কারণে তাঁকে ক্লোজ করে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর