শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নলডাঙ্গায় অনুমোদনহীন বীজ মজুদ ও প্যাকেটজাত, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

নাটোরের নলডাঙ্গা উপজেলায় প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়া ধান ও সরিষার বীজ মজুদ এবং প্যাকেটজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর রথবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ধান ভাঙানোর মিলে ‘ভাই ভাই বীজ ভান্ডার’-এর মালিক মো. শাকিলের প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ ধান ও সরিষার বীজ পাওয়া যায়। অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট দপ্তরের প্রত্যয়ন ছাড়াই বিক্রির উদ্দেশ্যে এসব বীজ মজুদ ও প্যাকেটজাত করা হচ্ছিল।

পরিদর্শনের সময় বীজের প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ না থাকার বিষয়টিও ধরা পড়ে। প্রয়োজনীয় প্যাকেটজাতকরণ ও বিপণন লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পার্বতীপুর, দিনাজপুর, গুরুদাসপুর ও টেবুনিয়া নামাঙ্কিত মোড়কে প্যাকেটজাত ধান ও সরিষার বীজও পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট ব্যক্তি এসব বীজের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে নলডাঙ্গা থানা-পুলিশ সহযোগিতা করে।

কৃষকের স্বার্থ রক্ষা এবং নিরাপদ ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর