পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় খাগড়াছড়িতে ৭২০ মেট্রিক টন খাদ্যশস্য (চাল) বরাদ্দ নিয়ে পাহাড়জুড়ে আলোচনা-সমালোচনা চলছে। বরাদ্দের ক্ষেত্রে জাতিগত বৈষম্যের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বঞ্চিত জনগোষ্ঠীর পক্ষ থেকে প্রতিবাদ ও সমালোচনা চলছে।
অভিযোগ রয়েছে, বরাদ্দের প্রায় ৯৫ শতাংশ পেয়েছে একটি সম্প্রদায়। বিপরীতে বাঙালিসহ অন্য তিন সম্প্রদায়ের ভাগ্যে জুটেছে মাত্র ৫ শতাংশ। অভিযোগকারীদের দাবি, খাগড়াছড়ি জেলার মোট জনসংখ্যার ৫২ শতাংশ বাঙালি এবং চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের সম্মিলিত জনসংখ্যা ৪৮ শতাংশ। অথচ বরাদ্দপত্র পর্যালোচনায় দেখা গেছে, সুবিধাভোগীদের তালিকায় মারমা সম্প্রদায়ের ৫৭ জন, চাকমা সম্প্রদায়ের ১৭ জন, ত্রিপুরা সম্প্রদায়ের ৩ জন এবং বাঙালি সম্প্রদায়ের ৩ জনের নাম রয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়-১ শাখা থেকে গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা একটি বরাদ্দপত্র খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়। এতে ২০২৬-২০২৭ অর্থবছরে বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় জেলা পরিষদের অনুকূলে ৭২০ মেট্রিক টন চাল বরাদ্দের কথা উল্লেখ রয়েছে। বরাদ্দের তালিকায় বিভিন্ন জনপ্রতিনিধি, ব্যক্তি ও সংগঠনের নামে একাধিক প্রকল্পের বিপরীতে চাল বরাদ্দ দেখানো হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, ভুঁইফোড় সংগঠন, ব্যক্তি ও বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দ দেওয়া হলেও সংশ্লিষ্ট এলাকার অনেক বাসিন্দা এসব বরাদ্দ সম্পর্কে কিছুই জানেন না। এর মধ্যে ইটছড়ি উচ্চবিদ্যালয়ের পাশে যাত্রী ছাউনি নির্মাণের জন্য ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ সেখানে আগে থেকেই একটি যাত্রী ছাউনি রয়েছে বলে জানা গেছে। রিতা চাকমার নামে প্রকল্পটি অনুমোদিত হলেও তিনি নিজেই প্রকল্পটির বিষয়ে জানেন না বলে জানিয়েছেন।
এমনকি বরাদ্দ তালিকায় উল্লেখ করা কিছু প্রকল্প ও এলাকার বাস্তবতা নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে সরকারি খাদ্যশস্য বরাদ্দের স্বচ্ছতা, প্রকল্পের যথার্থতা এবং চাল বিতরণের প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
নথি পর্যালোচনায় দেখা যায়, কোনো কোনো ব্যক্তির নামে একাধিক প্রকল্প বাস্তবায়নের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কোথাও ১০ মেট্রিক টন, কোথাও ২০ মেট্রিক টন, আবার কোনো কোনো ক্ষেত্রে একই ব্যক্তির নামে একাধিক প্রকল্পে সর্বোচ্চ ৮০ মেট্রিক টন পর্যন্ত চাল বরাদ্দ রয়েছে। এসব প্রকল্পের মধ্যে রাস্তা সংস্কার, কালভার্ট নির্মাণ, কৃষি ও মৎস্য প্রকল্প, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের বিষয় উল্লেখ করা হয়েছে।
খাগড়াছড়ি জেলায় ‘কুমারী টিলা’ নামে কোনো গ্রাম না থাকলেও প্রকল্পের তালিকায় মো. জাহাঙ্গীর আলমের নামে ২০ মেট্রিক টন চাল বরাদ্দের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, তালিকায় উল্লেখ করা কিছু ব্যক্তি, সংগঠন ও এলাকার নামে বরাদ্দের বিষয়টি সংশ্লিষ্ট এলাকার অনেক বাসিন্দার কাছেই অজানা। যেসব এলাকার উন্নয়নের কথা উল্লেখ করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, সেসব এলাকার মানুষও অনেক ক্ষেত্রে প্রকল্প সম্পর্কে কিছু জানেন না।
অভিযোগ উঠেছে, কিছু সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, কার্যালয়, সদস্যসংখ্যা ও বাস্তব অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। কোনো কোনো এলাকার নাম ব্যবহার করে প্রকল্প দেখানো হলেও সংশ্লিষ্ট এলাকার মানুষের কাছে সেসব প্রকল্পের সুস্পষ্ট তথ্য নেই। এতে প্রকল্পের নামে বরাদ্দ নেওয়া চাল প্রকৃত উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
বরাদ্দ তালিকায় একাধিক ব্যক্তির নামে একাধিক প্রকল্পের বিপরীতে চাল বরাদ্দের তথ্য রয়েছে। এসব প্রকল্পের যৌক্তিকতা, বাস্তবায়নযোগ্যতা এবং উপকারভোগীর সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রশ্ন, প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কী ধরনের নীতিমালা অনুসরণ করা হয়েছে? আবেদনকারীদের প্রকল্প সরেজমিনে পরিদর্শন করা হয়েছিল কি না? প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা যাচাই করা হয়েছে কি না? একই ব্যক্তির নামে একাধিক প্রকল্পে বরাদ্দ দেওয়ার যৌক্তিকতাই বা কী?
বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র মানুষের উন্নয়নের নামে বরাদ্দ দেওয়া চাল যদি প্রকৃত উপকারভোগীদের কাছে না পৌঁছায়, তাহলে এ কর্মসূচির মূল উদ্দেশ্য ব্যাহত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৭২০ মেট্রিক টন চাল বরাদ্দের বিষয়ে কয়েকজনের সঙ্গে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, একটি চিহ্নিত গোষ্ঠী এসব খাদ্যশস্য লোপাট করেছে। তাঁরা প্রতিটি প্রকল্পের বাস্তবতা যাচাই, সংশ্লিষ্ট সংগঠনের নিবন্ধন ও কার্যক্রম পরীক্ষা এবং বরাদ্দ করা চালের পূর্ণাঙ্গ হিসাব নিরীক্ষার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখার সহকারী সচিব জাহাঙ্গীর আলম বলেন, “আপনি মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেন। আমি কিছু বলতে পারব না।”
অন্যদিকে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কাউকে এক ছটাক খাদ্যশস্য বরাদ্দ দেওয়ার ক্ষমতা রাখে না। এ বরাদ্দগুলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের। এখানে জেলা পরিষদের সংশ্লিষ্টতা নেই।”
সচেতন মহলের মতে, পাহাড়ের দুর্গম এলাকার দরিদ্র মানুষের উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারি বরাদ্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রকল্পের নামে বরাদ্দ দেওয়া চালের যথাযথ ব্যবহার নিশ্চিত না হলে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হবেন।
এদিকে স্থানীয় সচেতন বাসিন্দাদের অভিযোগ, খাদ্যশস্য বরাদ্দের তালিকা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ থেকেই মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং বরাদ্দ পেতে তদবিরও করা হয়। সে ক্ষেত্রে বরাদ্দের বৈষম্য এবং নিজেদের ইচ্ছামতো প্রকল্প জমা দেওয়ার অভিযোগের দায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এড়াতে পারে না বলেও মন্তব্য করেছেন তাঁরা।
এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের দাবি, বরাদ্দের প্রতিটি প্রকল্পের বাস্তবতা যাচাই, উপকারভোগীদের তালিকা প্রকাশ, চালের ব্যবহার ও বিতরণের হিসাব নিরীক্ষা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরা হোক।
এই বাংলা/এমএস