শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় মাঠ মহড়া অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

জলবায়ু সহনশীলতা জোরদার এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে করণীয় বিষয়ে সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং বেসরকারি সংস্থা জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত মাঠ মহড়ায় ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনপদে সম্ভাব্য ক্ষয়ক্ষতি, উদ্ধার তৎপরতা এবং জানমাল রক্ষায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষের করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।

মেলায় দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার তৎপরতা ও জরুরি সেবা সম্পর্কে জনসাধারণকে ধারণা দিতে বিভিন্ন সরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫টি স্টল সাজানো হয়। এসব স্টলে দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত সরঞ্জাম এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করা হয়।

বেসরকারি সংস্থা জাগো নারী ও কেয়ার বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর