ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আখাউড়া পৌরসভা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা-পুলিশের একটি দল পৌরসভার সড়ক বাজার থেকে আখাউড়া বাইপাসগামী পাকা সড়কে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নিয়ামতপুর এলাকার সামছুল ইসলামের ছেলে সাঈম মিয়া ওরফে সায়েম মিয়া; ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শাহাপুর এলাকার মৃত ইরন মিয়ার মেয়ে ও মো. তুহিনের স্ত্রী সাজমনি আক্তার, যিনি বর্তমানে আখাউড়া থানার টানপাড়া এলাকায় বসবাস করছেন; এবং আখাউড়া থানার টানপাড়া এলাকার আলাল ভূঁইয়ার মেয়ে ও রবিউল ইসলামের স্ত্রী রুমা আক্তার।
আখাউড়া থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় একটি মামলা করা হয়েছে।
এই বাংলা/এমএস