চট্টগ্রামের সীতাকুণ্ডের শঙ্কর মঠ ও মিশনের পঞ্চম আচার্য পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৭১তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) মঠ প্রাঙ্গণে গুরুমহারাজের ব্যাসপূজা ও বিশ্বশান্তি শ্রীশ্রী গীতাযজ্ঞের মধ্য দিয়ে উৎসবের কর্মসূচি শুরু হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল পবিত্র বেদ ও উপনিষদ পাঠ, বর্ণাঢ্য মঙ্গলআরতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্তন, মঙ্গল শোভাযাত্রা, শ্রীশ্রী চণ্ডীপাঠ, শ্রীশ্রী গুরুপূজা, ধর্মীয় সংগীতাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং মঠের অধ্যক্ষের বিশ্বজনীন ভাবনা শীর্ষক আলোচনা সভা। সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
সভায় আশীর্বাদক ছিলেন শঙ্কর মঠের অধ্যক্ষ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। শঙ্কর মঠের ট্রাস্টি শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. জ্যোতিপ্রকাশ দত্ত।
স্বাগত বক্তব্য দেন শঙ্কর মঠ ও মিশনের সাংগঠনিক সম্পাদক মাস্টার অজিত কুমার শীল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দোলন ধর, কুণ্ডেশ্বরী কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সিনহা, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শঙ্কর পাল মিঠু, কক্সবাজার জেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন সমন্বয় পরিষদের সদস্যসচিব অরূপ শর্মা এবং সীতাকুণ্ড পৌরসভার সাবেক কাউন্সিলর এ.কে.এম. শামসুল আলম আজাদ।
আলোচক হিসেবে বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের সাবেক এজিএম মৃণাল ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রূপন কান্তি ধর, শঙ্কর মঠের কর্মকর্তা সুলাল কান্তি চৌধুরী, লায়ন সন্তোষ নন্দী, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত মল্লিক, লায়ন দিলীপ শীল, গোপাল পাল, বাসুদেব দাশ ও অর্পণ ধরসহ অনেকে। ধন্যবাদ জ্ঞাপন করেন শঙ্কর মঠ ও মিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য।
অনুষ্ঠানে মঠের সাধু-সন্ত, কর্মকর্তাবৃন্দ, ভক্ত, শিষ্য ও অনুরাগীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জ্যোতিপ্রকাশ দত্ত বলেন, “আধ্যাত্মিক জীবনচর্চার মহাতীর্থপীঠ শঙ্কর মঠ ও মিশন। এ মঠের পঞ্চম আচার্য ও বর্তমান অধ্যক্ষ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। তিনি অক্লান্ত পরিশ্রম করে শঙ্কর মঠের অধীনে ভারতের কাশীধামের আদলে এখানে শ্রীশ্রী বিশ্বনাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন। শ্রীমদ্ভগবদ্গীতা প্রচারের মাধ্যমে অসাম্প্রদায়িক দেশ গড়তে নিরলসভাবে সাধনা করে চলেছেন স্বামী তপনানন্দ গিরি মহারাজ। আমরা গীতার আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারলে আলোকিত সমাজ বিনির্মাণ সম্ভব হবে।”
সভায় অন্যান্য বক্তারা বলেন, বিশ্বজনীন ধর্মগ্রন্থ শ্রীশ্রীমদ্ভগবদ্গীতার কর্ম, জ্ঞান ও ভক্তির শিক্ষা মানুষকে বিভিন্ন অপকর্ম থেকে বিরত রাখে। ধর্মচেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য, সনাতন ও সুন্দরের পথে পরিচালিত করে এবং সমাজ থেকে অন্যায়-অনাচার দূর করতে সহায়তা করে। মঠ-মন্দির শুধু ধর্মচর্চার কেন্দ্র নয়; মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবোধ সৃষ্টি এবং সভ্যতার অগ্রযাত্রায়ও ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে। নিষ্কাম কর্মের চর্চা এবং অন্ধকারাচ্ছন্ন পথ থেকে উত্তরণের জন্য মনুষ্যত্বের সাধনা করাই গীতার শিক্ষার অন্যতম উদ্দেশ্য।
এই বাংলা/এমএস