ঢাক-ঢোল, খোল-করতাল ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে উঠেছিল মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরি পল্লি। কৃষ্ণ-রাধার প্রেমলীলা ও রাখালনৃত্যের ছন্দে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহারাসলীলা উৎসব।
জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় সম্প্রীতি ও সাংস্কৃতিক মিলনমেলায়। বুধবার (২৫ নভেম্বর) ঊষালগ্নে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেষ হয় এবারের রাসোৎসব।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল থেকে শুরু হওয়া উৎসবের প্রধান আকর্ষণ ছিল মঙ্গলবারের রাখালনৃত্য ও রাতে মহারাসলীলা। কমলগঞ্জের মাধবপুরের শিববাজার জোড়ামণ্ডপ এবং আদমপুরের তেতইগাঁওয়ে পৃথক আয়োজনে অনুষ্ঠিত হয় এ উৎসব। দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো দর্শনার্থী উৎসব উপভোগ করতে আসেন।
মাধবপুর শিববাজার জোড়ামণ্ডপে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় ১৮৪তম বার্ষিক আয়োজন। সোমবার সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আইনজীবী চাঁদমুরারী সিংহ স্বপন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।
মঙ্গলবার রাত ৮টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যোগ দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও পুলিশ সুপার মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অন্যদিকে, আদমপুরের তেতইগাঁওয়ে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় ৪১তম রাসোৎসব। দুই সম্প্রদায়ের পৃথক আয়োজনে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় উৎসব।
মণিপুরি সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রাসপূর্ণিমা বা রাসোৎসব শ্রীকৃষ্ণের বৃন্দাবনলীলা এবং রাধা-কৃষ্ণের প্রেমকাহিনি অবলম্বনে উদ্যাপিত হয়। উৎসবের দুটি প্রধান পর্ব হলো দিনের বেলায় রাখালরাস এবং রাতে মহারাসলীলা। মাধবপুরে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায় ১৮৪ বছর ধরে এবং আদমপুরে মৈতৈ সম্প্রদায় ৪১ বছর ধরে এ উৎসব উদ্যাপন করে আসছে।
ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি মণিপুরি সম্প্রদায়ের নৃত্য, সংগীত, তাঁতশিল্প ও ঐতিহ্য তুলে ধরার অন্যতম বৃহৎ আয়োজন এই রাসোৎসব। সময়ের সঙ্গে সঙ্গে এটি স্থানীয় গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে।
এই বাংলা/এমএস