বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পানছড়িতে সুদর্শী স্থবিরকে মহাস্থবির হিসেবে বরণ

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩ নম্বর পানছড়ি ইউনিয়নের উত্তর লতিবান আর্য্যমিত্র বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ সুদর্শী স্থবিরকে মহাস্থবির হিসেবে বরণ করা হয়েছে। দুই দশকের বেশি সময় ধরে বুদ্ধের শাসনে দীক্ষিত থেকে ধর্মীয় জীবন অতিবাহিত করার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

এ উপলক্ষে লতিবান আর্য্যমিত্র বৌদ্ধবিহারের দায়ক-দায়িকা, জ্যোতির্ময় কার্বারি পাড়া ও জমিনধন পাড়াবাসীর উদ্যোগে বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে ধর্মীয় কীর্তন ও ব্যান্ড পার্টিসহ একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্ত-অনুরাগীরা ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাঁকে বরণ করে নেন।

সুদর্শী স্থবির ১৯৮০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩১ নম্বর খেদারমারা ইউনিয়নের দক্ষিণ পাবলাখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নিরঞ্জন চাকমা এবং মা ফুলোকা চাকমা। সাত ভাইবোনের মধ্যে তিনি সবার বড়।

শিক্ষাজীবনে তিনি ১৯৯৯ সালে খেদারমারা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ২০১১ সালে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, ২০১৬ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস এবং ২০১৮ সালে ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ, পানছড়ি উপজেলা শাখার সহসভাপতির দায়িত্বও পালন করছেন। ধর্মীয় অনুশাসন, শিক্ষা ও মানবকল্যাণে তাঁর দীর্ঘ পথচলার স্বীকৃতি হিসেবে মহাস্থবির উপাধিতে বরণ করাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভক্ত-অনুরাগীরা।

এলাকার কার্বারি বিপ্লব চাকমা বলেন, ১৯৯৩ সালে লতিবান আর্য্যমিত্র বৌদ্ধবিহারটি প্রতিষ্ঠিত হয়। বর্তমান বিহারাধ্যক্ষ সুদর্শী ভান্তে ২০টি বর্ষাবাস অতিক্রম করায় নিয়ম অনুযায়ী তাঁকে মহাস্থবির হিসেবে বরণ করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রারও আয়োজন করা হয়। তিনি যেন সৎ উপদেশ ও বাণীর মাধ্যমে মানবজাতির কল্যাণে কাজ করে যেতে পারেন, সে কামনা করেন তিনি।

উদযাপন কমিটির সভাপতি নন্দপাল চাকমা জানান, এ আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়; ধর্ম-বর্ণনির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এটি একটি অসাম্প্রদায়িক মিলনমেলায় পরিণত হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর