পিরোজপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল প্রকাশ এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহামুদুর রহমান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) হারুন আর রশিদ এবং পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল তুলে ধরা হয়। পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ ও হালনাগাদ এবং পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টারের (বিএসবিআর) গুরুত্ব ও কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া অর্থনৈতিক শুমারির তথ্য যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরা হয়।
এই বাংলা/এমএস